সিরাজগঞ্জে ট্রাকে তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড

আদালতপ্রতীকী ছবি

সিরাজগঞ্জে ট্রাকে মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২০) ধর্ষণের দায়ে ট্রাকচালক সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক সালমা খাতুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল রানার বাড়ি বগুড়া সদর উপজেলার আশুখোলা গ্রামে। রায় ঘোষণার সময় সোহেল আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, দীর্ঘ শুনানি শেষে আসামি সোহেল রানাকে আদালত আজ আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। ওহাব সেখ নামে মামলার অপর এক আসামি ২০২৩ সালের ১২ মে কারাবন্দী থাকা অবস্থায় মারা গেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি ট্রাকচালক সোহেল রানা ও তাঁর সহকারী ওহাব সেখ তাঁদের ট্রাকে করে গাজীপুরের চন্দ্রা থেকে মানসিক ভারসাম্যহীন এক তরুণী ও দুজন পুরুষ যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে এসে ট্রাক থামিয়ে চালক বলেন ট্রাকটি নষ্ট হয়েছে, মেরামত করতে সময় লাগবে। এতে দুই পুরুষ যাত্রী ট্রাক থেকে নেমে পড়েন। তবে মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ট্রাকের কেবিনের মধ্যেই ছিলেন। পরে কেবিনের ভেতরে চালক সোহেল রানা তাঁকে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর চিৎকার শুনে ট্রাকের এক পুরুষ যাত্রী ঘটনাটির ভিডিও তাঁর মুঠোফোনে ধারণ করেন। বিষয়টি বুঝতে পেরে আসামিরা দ্রুত ওই তরুণীসহ ট্রাকটি নিয়ে বগুড়ার দিকে চলে যান। তখন ওই পুরুষ যাত্রী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম কড্ডার মোড় এলাকায় ট্রাকসহ তাঁদের আটক করে পুলিশ।

এ ঘটনার খবর পেয়ে ওই তরুণীর বাবা বাদী হয়ে ট্রাকচালক সোহেল রানা ও তাঁর সহকারী ওহাব সেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় ট্রাকচালক সোহেল রানাকে আজ আমৃত্যু কারাদণ্ড দিলেন আদালত।