ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে, রংপুরের পীরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার
ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় রংপুরে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার তাঁকে পুলিশ সুপারের নির্দেশে প্রত্যাহারের পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটিও করা হয়েছে।
আজ রাত আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম। তিনি বলেন, ভিডিওতে টাকা লেনদেনের বিষয়টি দেখা গেছে। বিকেলে ওসি জাকির হোসেনকে পীরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
সম্প্রতি এক বালু ব্যবসায়ীর কাছে ঘুষ হিসেবে টাকা নেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ কর্মকর্তা। ওসি জাকির হোসেন বলেন, ‘কিছুদিন আগে বালু ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে অর্থনৈতিক লেনদেন নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। এ ঘটনায় আমার কাছে এলে আমি তাঁদের নিয়ে সমাধানের জন্য বসেছিলাম। এ সময় দুই পক্ষের মধ্যে টাকার লেনদেন হয়েছে। সেখানে তাঁরা নিজেদের সমস্যা নিরসন করেন। ওই দিন তাঁদের কেউ আমাকে ব্ল্যাকমেলের উদ্দেশ্যে এ ধরনের ভিডিও ধারণ করেছে। প্রকৃতপক্ষে সেখানে আমার সঙ্গে কারও কোনো অর্থনৈতিক লেনদেন হয়নি। আমাকে ফাঁসানো হয়েছে।’