তফসিল ঘোষণার পরও আলোচনা নেই আওয়ামী লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন
ফাইল ছবি

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ৩ এপ্রিল। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রিও শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই খোদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেই।

গত সোমবার এ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম তোলেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) ও তাঁর চাচা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম (লোটন)। এরপরও দলটির নেতা-কর্মীরা সরব নন। তবে আওয়ামী লীগের একাধিক নেতা মনে করেন, ঈদের পরে নির্বাচনের মাঠ জমজমাট হয়ে উঠবে।

এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আন্দোলনে থাকা বিএনপি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নেবে না। এ কারণে সিটি নির্বাচন নিয়েও দলটির রাজশাহী নগরের নেতা-কর্মীদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বিএনপির একাধিক নেতা বলেন, বিএনপি অংশ নিচ্ছে না বলে ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই।

কোনো কোনো ওয়ার্ডে সম্ভাব্য অনেক কাউন্সিলর প্রার্থীর পক্ষে দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। তবে বর্তমান কাউন্সিলরদের কেউ নির্বাচন নিয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছেন না।

সোমবার সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলী প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ঢাকায় আছেন। মেয়র ফিরে আসার পর এ বিষয়ে তিনি কথা বলবেন। ওমরাহ হজ শেষে ৮ এপ্রিল ঢাকায় ফিরেছেন সিটি মেয়র। আগামীকাল বৃহস্পতিবার তাঁর রাজশাহীতে ফেরার কথা রয়েছে। তাঁর পক্ষে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল। এ ছাড়া মেয়রের চাচা মাহফুজুল আলম দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। কথা বলার জন্য এ দুই নেতার মুঠোফোন নম্বরে একাধিকবার কল করে নম্বর দুটি বন্ধ পাওয়া গেছে।

নির্বাচন নিয়ে জেলা যুবদলের এক নেতা বলেন, মাঠ তাদের পক্ষে তৈরি হয়ে আছে। কিন্তু সাংগঠনিকভাবে দল দুর্বল।

তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, ‘বিএনপি নাই, তাই ভোট নিয়ে আলোচনাও নাই।’ এর সঙ্গে তিনি যোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তাঁরা কোনো নির্বাচনে যাবেন না। এমনকি দলের কোনো কর্মীকেও তাঁরা নির্বাচনে অংশ নিতে দেবেন না। কেউ অংশ নিলে তাঁকে বহিষ্কার করা হবে।