‘মাদকাসক্ত’ তরুণের সঙ্গে মেয়ের বিয়ে না দেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ
পাবনায় ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ফরিদের প্রতিবেশীদের দাবি, স্থানীয় তরুণ অনিক হোসেনের (২৫) সঙ্গে ফরিদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তবে অনিক মাদকাসক্ত হওয়ায় তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দেননি ফরিদ। এতে অনিক ক্ষিপ্ত হয়ে ফরিদকে হত্যা করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদ ভাঁড়ারা ইউনিয়নের জামুয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। অভিযুক্ত অনিক হোসেন একই গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকে অনিক পলাতক।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে বাড়ি থেকে বের হন ফরিদ। এ সময় ওত পেতে থাকা এক দুর্বৃত্ত ফরিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানকার চিকিৎসকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ফরিদের অন্তত ছয়জন প্রতিবেশী বলেন, বছরখানেক আগে ফরিদের মেয়ের সঙ্গে অনিকের বিয়ে ঠিক হয়। ওই সময় আনুষ্ঠানিকভাবে দুই পরিবার আংটি বদলও করে। পরে ফরিদ জানতে পারেন, অনিক মাদকাসক্ত। বিষয়টি জানার পর অনিকের সঙ্গে ফরিদ তাঁর মেয়ের বিয়ে দেননি। এর মধ্যে ছয় মাস আগে মেয়েকে অন্যত্র বিয়ে দেন ফরিদ। এতে ক্ষিপ্ত হয়ে অনিক বিভিন্নভাবে ফরিদকে হুমকি দিতে থাকেন। এর জের ধরে গতকাল রাতে অনিকের ছুরিকাঘাতে ফরিদ নিহত হয়েছেন বলে তাঁরা দাবি করছেন।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, বিয়ের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই তাঁদের ঝামেলা চলছিল। এর মধ্যেই এই ঘটনা ঘটেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত অনিককে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।