মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনের ৩ ঘণ্টা পর বিলুপ্ত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল ২০১৮ সালের ২৬ নভেম্বর। দীর্ঘ প্রায় সাড়ে চার বছরের বেশি সময় পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এরই মধ্যে গত রোববার মেয়াদোত্তীর্ণ ওই কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান। তবে ঘোষিত ওই কমিটি বেশিক্ষণ টিকেনি। রাত নয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় নেতা-কর্মীরা তিন মাসের জন্য নবগঠিত আহ্বায়ক কমিটি দেখতে পান। এর তিন ঘণ্টা পর রাত ১২টার দিকে ওই কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্থগিত–সংক্রান্ত ঘোষণাটিও নেতা-কর্মীরা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার আহ্বায়ক কমিটি গঠনে গঠনতান্ত্রিক নিয়ম ও বিধি অনুসরণ না হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে।
এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সমর্থকেরা গত রোববার ৩১ সদস্যের ওই আহ্বায়ক কমিটি ঘোষণার তিন ঘণ্টা পর তা বিলুপ্ত করায় আজ সােমবার সকালে আনন্দ মিছিল করেন।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মো. সাদ্দাম হোসেনকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি চার বছর সাত মাস পার করে। পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অনুমোদনের জন্য পাঁচবার পাঠানো হয়। কিন্তু তা আর হয়নি। মেয়াদোত্তীর্ণ কমিটি ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন না হওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতাও চলে আসে। এরই মধ্যে গত রোববার সেতাব মাহামুদকে আহ্বায়ক, শেখ আবদুল্লাহ আল ফাহাদ, শাফি আহমেদ, সাইমন ইসলাম, মারুফ রহমান ও মো. ফয়সাল সিকদারকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নেতা-কর্মীরা দেখার তিন ঘণ্টা পর একই মাধ্যমে তাঁরা স্থগিতের বিজ্ঞপ্তি দেখেন।
উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন বলেন, তাঁদের কমিটির মেয়াদ এক বছর ছিল। করোনা পরিস্থিতিসহ নানা কারণে নতুন কমিটি গঠন করা যায়নি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঁচবার পাঠানো হয়েছে। তবে তা অনুমোদিত হয়নি। হঠাৎ কীভাবে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি হয়েছে, তা তিনি জানেন না। রোববার রাত নয়টার দিকে তাঁরা ফেসবুকে আহ্বায়ক কমিটি দেখতে পান। এর তিন ঘণ্টা পর রাত ১২টার দিকে ওই কমিটি বিলুপ্ত বলে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক দেওয়া বিজ্ঞপ্তিও তাঁরা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন।
এ ব্যাপারে জানতে জেলা ছাত্রলীগের সম্পাদক ইলিয়াস হাসানের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
মুঠোফোনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, গঠনতান্ত্রিক নিয়ম ও বিধি অনুসরণ না হওয়ায় মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অনতিবিলম্বে নতুন কমিটি ঘোষণা করা হবে।