জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফুল দিতে এসে আটক ৩

সাভারে জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার সময় রকিবুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরেছবি : প্রথম আলো

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়ার সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা ও ২টার দিকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা তাহমিনা আক্তার (৪০),  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মিষ্টি সুভাষ (২৮) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রকিবুল ইসলাম ওরফে দুর্জয় (৩২)।

পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনা আক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে শিশুসহ তিন সন্তানও ছিল। এ ছাড়া বেলা দুইটার দিকে স্মৃতিসৌধের বেদির সামনে থেকে রকিবুল ইসলাম ও স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মিষ্টি সুভাষকে আটক করা হয়।

আটকের পর তাহমিনা আক্তার সাংবাদিকদের জানান, আগে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন। বর্তমানে কিছু করছেন না। ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করছেন।

তাহমিনা আক্তার বলেন, আজ সকালে বাসে তিন সন্তান নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাঁকে আটক করে। নিজের ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছেন।

আটক করে নিয়ে যাওয়ার সময় মিষ্টি সুভাষ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে আসছি। ব্যানারটা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছিল। জননেত্রী শেখ হাসিনা কি বাংলাদেশের জন্য কিছু করে নাই?। আমরা তিনজন আসছি। এটা তো বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ।’

আটক করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় রকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমরা নেত্রীকে ভালোবাসি ও বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর ভালোবাসার কারণেই আজ এখানে আসছি। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুকে আদর্শ বুকে ধারণ করেই আজ ২৬ মার্চ এখানে ফুল দিতে এসেছি।’

এদিকে আজ বিকেল পৌনে চারটার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানানো হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে এ–৪ সাইজের কাগজে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা আশুলিয়া থানা হেফাজতে আছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।