রাজনৈতিক কর্মসূচির নামে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে ব্যবস্থা: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা পুলিশ লাইনসে আয়োজিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার বিকেলে
ছবি: প্রথম আলো

রাজনৈতিক কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান ডিআইজি হারুন অর রশীদ, এফবিসিসিআই পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সাহা, বিসিবির পরিচালক তানভীর আহমেদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা দেব। কিন্তু কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য দেশের মানুষের শান্তি–শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা এবং সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, সাধারণ মানুষের ওপর আক্রমণ করে, অগ্নিসংযোগ বা কোনো ধরনের অপরাধে জড়িত হয়, এ জন্য আইনানুগভাবে যা করার দরকার, আমরা তা করতে প্রস্তুত আছি। সেই সক্ষমতা ও সামর্থ্য আমাদের রয়েছে। সেই প্রশিক্ষণ ও অভিজ্ঞতা আমাদের আছে।’

নারায়ণগঞ্জকে ঐতিহ্যবাহী শহর উল্লেখ করে আইজিপি বলেন, ‘এখানকার মানুষ শান্তি প্রিয়। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করেছেন। অতীতে যেভাবে আপনারা আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেছেন, আগামী দিনেও সেই সহযোগিতার হাত প্রসারিত করবেন।’

পুলিশের প্রশংসা করে আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘বাংলাদেশ পুলিশ শতবর্ষের প্রতিষ্ঠান। পুলিশের জন্য প্রতিটি দিন নতুন দিন। প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে, সেটা মোকাবেলা করার দক্ষতা ও সাহসিকতা আমাদের রয়েছে। ইতিপূর্বে বাংলাদেশ পুলিশ যেভাবে দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও পুলিশের প্রতিটি ইউনিট সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে।’