জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে ভোটের রাজনীতি নতুন মোড় নিয়েছে। গণ অধিকার পরিষদের প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার বিকেলে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।
বিন ইয়ামিন মোল্লা বলেন, এলাকার উন্নয়ন ও জনস্বার্থের কথা বিবেচনা করেই তিনি জামায়াতের প্রার্থীকে সমর্থন করছেন। আনোয়ারুল ইসলাম নির্বাচিত হলে তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বিন ইয়ামিন মোল্লার এই সিদ্ধান্তে কুড়িগ্রাম-১ আসনে ভোটের নতুন মেরুকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন ভোটাররা।
১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এই আসনে বর্তমানে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির সাইফুর রহমান (রানা), জামায়াতের আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির এ কে এম মুস্তাফিজুর রহমান (মোস্তাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারি (রনি) এবং জাকের পার্টির আবদুল হাই।