শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরুল ইসলাম
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনায় শাখা ছাত্রলীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ সোমবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত এই নেতার নাম মনিরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মনিরুলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’

গত ২৬ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ৪০৪ নম্বর কক্ষ থেকে ফয়সাল আহম্মেদ নামের এক শিক্ষার্থীকে মারধরের পর বের করে দেওয়ার অভিযোগ ওঠে মনিরুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনায় সেদিন রাতেই নগরের মতিহার থানায় মনিরুলের নাম উল্লেখসহ ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ জমা দেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগে ১২ মার্চ ওই নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগে ফয়সাল উল্লেখ করেন, ১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শহীদ হবিবুর রহমানের হলের ৪০৪ নম্বর কক্ষে মনিরুল ইসলাম এসে তাঁকে বলেন, ‘তুমি এখন রুম থেকে বের হয়ে চলে যাও, না গেলে তোমাকে প্রাণে মেরে ফেলব। তোমাকে বাঁচানোর মতো কেউ নাই’ বলে অন্য একজনের বিছানাপত্র তাঁর কক্ষে রেখে চলে যান। এরপর ২৬ মার্চ রাত সাড়ে আটটার দিকে তিনি আবার আসেন। এ সময় তাঁর সঙ্গে ২০ থেকে ২৫ জন ছিলেন। মনিরুল কক্ষে এসে তাঁকে বলেন, ‘তোকে না রুম থেকে বের হয়ে যেতে বলেছিলাম? তুই এই রুমে এখনো কী করিস? হল কি তোর বাপের, আমার এই ব্লকে থাকতে হলে আমাকে টাকাপয়সা দিয়ে থাকতে হবে।’


এ বিষয়ে প্রতিবাদ করলে মনিরুল তাঁর (ফয়সাল) পোশাক ধরে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা করেন। বের হতে না চাইলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। মনিরুল লাঠি দিয়ে তাঁকে জোরে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে আঘাত লাগে। পরে তাঁরা তাঁর বিছানাপত্র বের করে বাইরে ফেলে দেন। আশপাশের অন্যরা এগিয়ে এলে তাঁরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে অন্যদের সহযোগিতায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘কিছুদিন আগে হবিবুর রহমান হলে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতা মনিরুলের বিরুদ্ধে। বিষয়টি আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করি। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ এই সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হলে, তাহলে তার দায়ভার কখনো সংগঠন নেবে না। অতীতেও ছাত্রলীগ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’