বেড়াতে নেওয়ার কথা বলেছিলেন স্ত্রীকে, বাড়ি ফিরলেন লাশ হয়ে
বাড়ির পাশের কালো পিচের সড়কটি মিলন মিয়ার বহু বছরের চেনা। শৈশবে সড়কের পাশে দল বেঁধে খেলাধুলা, নানার বাড়ি বেড়াতে যাওয়া, কৈশোরের পড়াশোনা কিংবা তারুণ্যে বিয়ে করে কিশোরী বধূর হাত ধরে বাড়ি নিয়ে আসা; মিলন মিয়ার কতশত গল্পের সাক্ষী এই সড়ক। সে কারণেই হয়তো সড়কটিতে চলতে গিয়ে ভয় পেতেন না মিলন। মা-বাবা এমনকি বিয়ের পর নববধূর বাধা উপেক্ষা করে মিলন পিচঢালা এই পথকে বেছে নিয়েছিলেন উপার্জনের জন্য। মিলন হয়তো ভাবেননি চিরচেনা সেই পথেই তাঁর জীবনের সমাপ্তি হবে।
গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল শেখ হাসিনা সরণিতে (৩০০ ফিট) সড়ক দুর্ঘটনায় যে চারজনের মৃত্যু হয়েছে, মিলন মিয়া (২৪) তাঁদের একজন। তিনি রূপগঞ্জের ভুলতা থেকে ছেড়ে যাওয়া দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটির চালক। ঘটনাস্থলের অদূরে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় মিলনের বাড়ি।
গতকাল সন্ধ্যায় পূর্ব কালাদী এলাকায় যেতেই মহাসড়কের পাশে একটি খাটিয়া চোখে পড়ে। স্থানীয় লোকজন জানালেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মিলনের লাশ নিয়ে আসা হচ্ছিল তখন। সেই লাশ রাখা হবে এই খাটিয়ায়। সড়কের পাশের ক্লাব মাঠে জানাজা শেষে তাঁকে রাতেই দাফন করা হবে। খাটিয়া ছেড়ে কিছুদূর গেলে মিলনদের ছোট্ট টিনের ঘর। ঘরের চারপাশে মানুষের ভিড়। প্রতিবেশী ও স্বজনেরা এসেছিলেন তাঁদের প্রিয়জনের শেষবিদায়ে। ঘরে মিলনের মা আজুদা বেগম পাগলপ্রায় হয়ে বিলাপ করছিলেন। পাশে বিলাপ করছিলেন মিলনের স্ত্রী অনিরা আক্তার (১৮)।
ছেলে হারানোর শোক কোনোভাবেই মানতে পারছিলেন না মা আজুদা। বারবার দুই হাতে নিজের কপাল আর বুক চাপড়াচ্ছিলেন। সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন করছিলেন, মা হয়ে কীভাবে সন্তানের লাশ দেখবেন? বাড়িতে আসা স্বজনদের কেউ কেউ তখন আজুদাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তখন আরও চিৎকার করে ওঠেন আজুদা।
মিলনের স্ত্রী অনিরাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন বড় বোন তন্বী। বোনের কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠেন অনিরা। কান্না থামলে কথা হয় অনিরার সঙ্গে। বলেন, গতকাল সকাল আটটায় গাড়ি নিয়ে বের হন মিলন। গাড়ির ইঞ্জিন চালুর পর দেখা যায়, সামনের একটি চাকা ফুটো হয়ে গেছে। মিলন তখন নিজেই গাড়ির চাকা বদল করেন। গাড়ি নিয়ে বের হওয়ার সময় অনিরা বলেছিলেন, মিলন যেন গাড়ি নিয়ে না বের হন। স্ত্রীর আবদার ফিরিয়ে দিয়ে মিলন অনিরাকে কথা দেন, দ্রুতই বাড়ি ফিরে আসবেন তিনি। বাড়ি এসে অনিরাকে বেড়াতে নিয়ে যাবেন।
অনিরার কথা শেষ না হতে বিলাপ জুড়ে দেন তাঁর বোন তন্বী। বলেন, অনিরার বয়স যখন ৯ মাস, তখন বাবাকে হারিয়েছেন তাঁরা। তাঁদের ভাই নেই, তিন বোন। মা দিনমজুরের কাজ করে তাঁদের বড় করেছেন। গত ১৭ নভেম্বর অনিরার বিয়ে হয়। নতুন জীবনে তিনি সুখী হবেন, এই ছিল সবার আশা। মাস না পেরোতেই বোন বিধবা হলেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মিলনের বাবা আহসান উল্লাহ এলাকায় একটি চায়ের দোকান চালান। বড় ভাই আবদুল হালিম ইজিবাইকের চালক। মা–বাবার সঙ্গে দুই ভাইয়ের যৌথ সংসার। মিলন স্থানীয় একটি মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তারপর ১২ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান। কিন্তু সেখানে কথামতো কাজ পাননি। পুলিশের হাতে ধরা পড়ে দুই মাস জেল খেটে দেশে ফিরে আসেন তিনি। ঋণ নিয়ে গাড়ি কেনেন। এক বছর ধরে ভুলতা-কুড়িল রুটে জনপ্রতি ১০০ টাকা ভাড়ায় গাড়ি চালাতেন। সেই ঋণ শোধ করার আগেই দুর্ঘটনায় মৃত্যু হলো মিলনের।