বগুড়ায় বাঙালি নদীতে পুলিশের অভিযান, বালু তোলার যন্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার শেরপুরে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি খননযন্ত্র জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুর থানা–পুলিশ উপজেলার খানপুর ইউনিয়নের বরইতলি গ্রামে বাঙালি নদীতে এই অভিযান চালায়। এ ঘটনায় গতকাল দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। তবে আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার বাদী শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মামলায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, খানপুর ইউনিয়নের বরইতলি গ্রামের জনাব আলী, গজারিয়া গ্রামের আলম ফকির ও নলডাঙ্গী গ্রামের রুবেল আলীসহ ৮ থেকে ১০ জন স্থানীয় ব্যক্তি বাঙালি নদী থেকে ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে সন্ধ্যা ও রাতে গোপনে বালু তুলে আসছিলেন। এতে বাঙালি নদীর তীরে কৃষিজমি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। পাশাপাশি নদীর তীরে অনেক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের কাছ থেকে অভিযোগ পেয়ে গতকাল বিকেলের দিকে খানপুর ইউনিয়নের বরইতলি গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা সেখান থেকে সটকে পড়েন। এ সময় পুলিশ সেখান থেকে একটি উত্তোলনযন্ত্র ও প্লাস্টিকের পাইপ জব্দ করে।

বরইতলী গ্রামের তিনজন কৃষক বলেন, অন্তত দুই বছর ধরে গোপনে তাঁদের গ্রামের পাশে বাঙালি নদী থেকে বিকালের পর থেকে বালু তোলা হয়। এতে গ্রামের অনেক কৃষকের জমি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। গতকাল পুলিশের অভিযানের পর বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে গ্রাম ছাড়া হয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, পুলিশি অভিযান চলাকালে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে। তবে তাঁদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।