দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আজ দুপুরে রংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে
ছবি: মঈনুল ইসলাম

বিগত তিন বছরের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এদিকে পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই এগিয়ে আছে মেয়েরা।

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মানিক হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউর রহমান, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মওদুদুল করিম প্রমুখ।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৮২। পাসের হার ৮১ দশমিক ১৬। ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০, ২০২০ সালে ৮২ দশমিক ৭৩ এবং ২০১৯ সালে ৮৪ দশমিক ১০।

পাসের হার কমার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, এই সেশনের শিক্ষার্থীরা যখন নবম শ্রেণিতে ওঠে, তখন করোনা মহামারি চলছিল। দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনার খুব একটা সুযোগ পায়নি। অনলাইনে ক্লাস চলেছে, তবে সেটাও যৎসামান্য। তবে অনেকে এই প্ল্যাটফর্মে সুযোগ পায়নি। এবার মানবিক বিভাগে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি। বিশেষ করে, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ভূগোল বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যেখানে আগের বছরগুলোতে ইংরেজি ও গণিত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকত।

তবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। যেখানে ২০২১ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৮ জন, ২০২০ সালে ১২ হাজার ৮৬ জন, ২০১৯ সালে ৯ হাজার ২৩ জন। তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। এবার জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ১৩ হাজার ৩৬৮ জন। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৮ হাজার ৯০৬ জন।  

এগিয়ে দিনাজপুর জেলা

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসিতে অংশ নেয়। এর মধ্যে পাসের হার ও জিপিএ-৫-এর সূচকে এগিয়ে আছে দিনাজপুর জেলা। এই জেলায় পাসের হার ৮৩ দশমিক ৬২। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮৭২ জন।

এ ছাড়া রংপুর জেলায় পাসের হার ৮১ দশমিক ৮৪, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮২৭ জন। গাইবান্ধায় পাসের হার ৮২ দশমিক ৯১, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪৯ জন। নীলফামারীতে পাসের হার ৮১ দশমিক ৯১, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৯৬। ৭৫ দশমিক ০২ শতাংশ পাসের হার কুড়িগ্রামে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৩ জন। লালমনিরহাটে পাসের হার ৭৬ দশমিক ৩৯, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯ জন। ঠাকুরগাঁওয়ে পাসের হার ৮৩ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫১৩ জন। পঞ্চগড় জেলায় পাসের হার ৭৯ দশমিক ১৩, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২২৭ জন।

৫ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি

দিনাজপুর শিক্ষা বোর্ডের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কাঞ্চামহিপুর দ্বিমুখী বালিকা উচ্চবিদ্যালয়, নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ি আছিয়া খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার খামার বড়াইবাড়ী উচ্চবিদ্যালয়, দিনাজপুরের খানসামা উপজেলার হাজী পাড়া উচ্চবিদ্যালয় ও পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয়।