চাঁদপুরে আ.লীগ নেতার ‘খুনি কিশোর’ আত্মহত্যা করেছে: পুলিশ
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকউল্লাহকে (৭০) নিজ কক্ষে ছুরিকাঘাতে ‘হত্যাকারী কিশোর’ রেললাইনে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের দেওয়া এক লিখিত বক্তব্যে এ দাবি করা হয়। ওই কিশোর শহরের পুরান বাজারের দাসপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানায় পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার সফিনা হোটেলের দ্বিতীয় তলায় আওয়ামী লীগ নেতা রফিকউল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল সোমবার রাতে চাঁদপুর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন রফিকউল্লাহর ভাতিজা।
পুলিশের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সিসিটিভি ফুটেজ দেখে ও রফিকউল্লাহর ব্যক্তিগত সহকারী মিরাজ হোসেনের বর্ণনা অনুযায়ী তাদের অনুমান, ১৬ থেকে ১৮ বছর বয়সী এক কিশোর এ হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার পরনে কালো গেঞ্জি, থ্রি-কোয়ার্টার প্যান্ট ও মুখে মাস্ক ছিল।
শনাক্তের পর ওই কিশোরের বাসায় অভিযান চালিয়ে তারা জানতে পারে, সে গত রোববার সকাল পর্যন্ত বাসায় ফেরেনি। ওই দিন শহরের ঘোড়ামারা আশ্রয়ণকেন্দ্রের পাশে ট্রেনে কাটা পড়া একটি লাশ পাওয়া যায়। চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে লাশটির আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ করে রেলওয়ে থানা–পুলিশ নিশ্চিত হয় যে লাশটি ওই কিশোরের।
জানতে চাইলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রথম আলোকে বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও খতিয়ে দেখব।’