অনলাইন নিবন্ধনে বাদ ৯ হাজার সুবিধাভোগী

১ সেপ্টেম্বর এই চাল বিক্রি শুরু হয়েছে। ১৫ টাকা কেজি দরে চাল কেনা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল
ফাইল ছবি

রাজবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির অনলাইন নিবন্ধনে বাদ পড়েছেন প্রায় সাড়ে ৯ হাজার সুবিধাভোগী। এ কারণে ১৫ টাকা কেজি দরে চাল কেনা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। ১ সেপ্টেম্বর এই চাল বিক্রি শুরু হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা আনতে অনলাইনে নিবন্ধন করা হয়। গত ৩০ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলে। জেলায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী কার্ডধারীর সংখ্যা ছিল মোট ৫৬ হাজার ৪৭৭। তাঁদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১২ হাজার ৬০৩ জন, গোয়ালন্দে ৬ হাজার ৯১ জন, কালুখালীতে ১২ হাজার ৮৩৬ জন, পাংশায় ১৭ হাজার ১০ জন এবং বালিয়াকান্দি উপজেলায় ৭ হাজার ৯৩৭ জন। তাঁদের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে পেরেছেন ৪৭ হাজার ৫৩ জন। বাদ পড়েছেন ৯ হাজার ৪২৪ জন।

এ সম্পর্কে জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম শাহনেওয়াজ বলেন, সরকার দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। একজন একটি সুবিধা পেলে তাঁকে অন্য সুবিধা দেওয়া হয় না। খাদ্যবান্ধব কর্মসূচির চালের ক্ষেত্রে একই পরিবারের স্বামী ও স্ত্রীর উভয়ের কার্ড সঙ্গে নিয়ে আসতে হয়। পরিবারের একজন যদি কোনো সুবিধা পেয়ে থাকেন, তাহলে তাঁদের আরেকটি সুবিধা দেওয়া হবে না। এতে অনেকের নাম বাদ পড়েছে। চাল বিক্রি শুরু হয়েছে। তবে নিবন্ধনের সময় সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ কর্মসূচির প্রত্যেক সুবিধাভোগী ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম ১৫ টাকা। (আগে দাম ছিল ১০ টাকা)। বছরে মোট পাঁচ মাস মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে চাল বিক্রি করা হয়।

বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের বাসিন্দা নূরজাহান বেগম বলেন, ‘আমার স্বামীর নামে একটি কার্ড ছিল। আমরা কম দামে চাল কিনতে পারতাম। এবার কার্ড করার জন্য চার-পাঁচ দিন ঘুরেছি। তারা বলেছে, কার্ডটি নাকি অন্যের নামে ছিল। এ জন্য আমাদের নামে কার্ড হবে না।’

কুলসুম বেগম নামের এক নারী বলেন, ‘আমার স্বামী মারা গেছেন। মেয়ের বাড়িতে থাকি। আগে আমার কার্ড ছিল। কিন্তু অনলাইন হওয়ার পর নাম বাদ গেছে। এখন কীভাবে চলব, বুঝতে পারছি না।’

বালিয়াকান্দির ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, ‘আগের কার্ডধারী কিছু ব্যক্তি অভিযোগ করেছেন। তাঁরা অনলাইনে নিবন্ধন করতে পারেননি। তবে এখানে আমাদের করার কিছু নেই। কারণ কারও কারও কার্ডের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সামঞ্জস্য নেই। আবার কেউ কেউ আরেকজনের নাম ব্যবহার করে চাল কিনতেন। নাম ও ছবি পরিবর্তন করে কার্ড দেওয়া হয়েছিল। এ কারণে তাঁরা অনলাইনে বাদ পড়েছেন।’