খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম

কুপিয়ে জখমপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের এক নেতাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম। তিনি খুলনা জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি রূপসা উপজেলার রাজাপুর গ্রামে।

খুলনা জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজাপুর এলাকায় ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে রবিউল ইসলামকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁকে পপুলার জুট মিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে খুলনার তেরখাদায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমানকে (৪৭) গুলি করে দুর্বৃত্তরা। এতে মাফিজুর রহমানের বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে গুলি লাগে। মাফিজুর তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

গত ২২ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত এক মাসে খুলনায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি কুপিয়ে জখম করার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় গুলিতে ৯ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে গত এক মাসে ৯টি হত্যাকাণ্ডের ৫টি ঘটেছে খুলনা নগরে। বাকি চারটির মধ্যে তিনটি রূপসা উপজেলায় ও একটি ডুমুরিয়ায়।