সখীপুরে অবৈধ জুস কারখানায় অভিযান, ২৫ লাখ টাকার খাদ্যপণ্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখীপুর উপজেলায় একটি অবৈধ জুস কারখানায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার খাদ্যপণ্য ধ্বংস করা হয়
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একটি অবৈধ জুস কারখানায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার শিশুখাদ্য ধ্বংস করা হয়েছে। এ ছাড়া মালিককে দুই লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় অবস্থিত ওই কারখানায় টাঙ্গাইলের র‍্যাব-১৪ ও স্থানীয় প্রশাসন এ অভিযান চালায়।

র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় আলামিন অ্যাগ্রো ফুডস অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানা গড়ে ওঠে। সেখান থেকে অনুমোদনহীন রসালো ড্রিংকস, রসালো লাচ্ছি, ম্যাঙ্গো ড্রিংকস, তেঁতুলের আচার, ললিপপ, চানাচুর, লিচুর ড্রিংকসসহ ১৯ ধরনের উৎপাদিত পণ্য বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে র‍্যাব-১৪ টাঙ্গাইল সিপিসি-৩–এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল চার ঘণ্টাব্যাপী সেখানে অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঞ্জরুল মোর্শেদের উপস্থিতিতে প্রায় ২৫ লাখ টাকার খাদ্যপণ্য জব্দ করে রাত আটটার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক জঙ্গল এলাকায় নিয়ে ধ্বংস করা হয়।

র‍্যাব-১৪ টাঙ্গাইল সিপিসি-৩–এর কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের সাংবাদিকদের বলেন, ওই কারখানা থেকে দীর্ঘদিন ধরে ভেজাল খাদ্যপণ্য তৈরি করে বাজারে সরবরাহ করা হচ্ছিল। এগুলো শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে ও উপজেলা প্রশাসনের সহায়তায় ওই অবৈধ কারখানায় উৎপাদিত প্রায় ২৫ লাখ টাকার খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঞ্জরুল মোর্শেদ বলেন, অবৈধ কারখানাটির সত্যতা পেয়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা, খাদ্যপণ্য ধ্বংস ও কারখানাটি সিলগালা করা হয়েছে।