যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর ও তাঁর স্ত্রী বিরুদ্ধে দুর্নীতির মামলা
চট্টগ্রামের যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক নওশের আলী বাদী হয়ে নিজ কার্যালয়ে পৃথক মামলা দুটি করেন।
হেলাল কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক। জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকে পলাতক রয়েছেন হেলাল।
দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ প্রথম আলোকে বলেন, হেলাল আকবর এ তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির পৃথক দুটি মামলা হয়েছে।
দুদক জানায়, হেলাল আকবর ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী জমা দিতে ২০২২ সালে নোটিশ দেয় দুদক। পরে চলতি বছরের ফেব্রুয়ারি তাঁরা সম্পদ বিবরণী জমা দেন। কিন্তু অনুসন্ধানে আকবরের ৩০ লাখ ৮৮ হাজার টাকা এবং তার স্ত্রী জেসমিন আক্তারের ১ কোটি ৮৩ লাখ ৯ হাজার ৮৮০ টাকার অবৈধ সম্পদের তথ্য পায় দুদক।
উল্লেখ্য, একসময়ের নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হেলাল আকবর অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ আছে।