ছুটির দিনে বেড়াতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর, আহত বাবাকে ছাড়াই হলো দাফন

দুর্ঘটনায় নিহত শিশু মো. আফনানছবি: সংগৃহীত

গতকাল বুধবার ছিল ছুটির দিন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বান্দরবান বেড়াতে গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আবদুস সবুর (৪০)। সেখান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে তাদের বহন করা অটোরিকশাটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন সবুর। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর এক ছেলে মো. আফনানের (৮)।

গতকাল বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিঠাদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সবুর বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মধ্যম গুনাগরী জহুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি লোহাগাড়ার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। চাকরির সুবাদে স্ত্রী-সন্তান নিয়ে তিনি লোহাগাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনায় যখন সবুর হাসপাতালে চিকিৎসাধীন, তখন আজ বেলা ১১টার দিকে তাঁকে ছাড়াই তাঁর সন্তান আফনানের দাফন হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আবদুস সবুর পরিবার নিয়ে বান্দরবান বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের বহন করা অটোরিকশায় একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফনান নিহত হয়। আর আবদুস সবুর গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকালই তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আফনানের চাচা আবদুল হালিম বলেন, ব্যাংক বন্ধ থাকায় বুধবার পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন তাঁর ভাই। ফেরার পথে দুর্ঘটনায় তাঁর ভাইয়ের এক ছেলে মারা যায়। ভাই গুরুতর আহত হওয়ায় তাঁকে ছাড়াই ভাতিজার দাফন সম্পন্ন করতে হয়েছে।

জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালককে আটক করা যায়নি। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।