সাঁথিয়ায় বাস ও করিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ করিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের সাঁটিয়াকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন করিমনের চালক জুয়েল মৃধা (২৪) ও তাঁর সহকারী সুরুজ খান (২০)। সাঁথিয়ার সামান্যপাড়া গ্রামের বাসিন্দা তাঁরা।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনা শহর থেকে শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী পরিবহন ঢাকায় যাচ্ছিল। বাসটি বেলা ১১টার দিকে কাশিনাথপুরের কাছে সাঁটিয়াকোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে করিমনের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে উদ্ধার করে কাশিনাথপুরের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাস ও করিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।