ভৈরব নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু
যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শুভরাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম সারাফত শেখ (৮)। সে উপজেলার শুভরাড়া গ্রামের রেজাউল শেখের ছেলে। সারাফত উপজেলার শুভরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
সারাফত শেখের চাচা আনিসুর রহমান বলেন, সারাফত চার-পাঁচজন বন্ধুর সঙ্গে গ্রামের ভৈরব নদের বাজনাদার ঘাটে গোসলে নামে। গোসলের একপর্যায়ে সে নদের পানিতে ডুবে যায়। তার বন্ধুরা বাড়িতে এসে বিষয়টি জানালে তাকে খোঁজাখুঁজি করেও উদ্ধার করা যায়নি। খবর পেয়ে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বাজনাদার ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
নওয়াপাড়া নৌ পুলিশের উপপরিদর্শক(এসআই) আতিকুর রহমান বলেন, ভৈরব নদের পানিতে ডুবে শিশু সারাফত শেখ মারা গেছে। এ ব্যাপারে অভয়নগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।