গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় হট্টগোল, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মিছিল

মেহেরপুরের গাংনী পৌর শহরে জামায়াতের বিক্ষোভ মিছিল। আজ বুধবার বিকেলেছবি : প্রথম আলো

​মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হট্টগোল ও পণ্ড হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মিছিল করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা। আজ বুধবার বিকেলে গাংনী শহরে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতা–কর্মীরা। পরে সন্ধ্যায় পাল্টা মিছিল করেন বিএনপির একাংশের নেতা–কর্মীরা।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সম্পর্কে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘দুপুরের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আজ সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য (মেহেরপুর-২) ও জামায়াত নেতা নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আসাদুজ্জামানের  ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে জামায়াত নেতা কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলম হুসাইনের ওপর হামলা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। সভা চলাকালে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও সভা সূত্রে জানা গেছে, সভা চলাকালে হঠাৎ ১৫-২০ জনের একটি দল মিছিল নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করে। একপর্যায়ে মিছিলকারীরা হলরুমের ভেতরে ঢুকে পড়লে হট্টগোল শুরু হয় এবং সভা পণ্ড হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান।
ওই ঘটনার প্রতিবাদে বিকেল চারটার দিকে গাংনী শহরে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন জামায়াতের নেতা–কর্মীরা। মিছিল থেকে বিএনপি নেতা আসাদুজ্জামানের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জামায়াতের মিছিলে আসাদুজ্জামানের বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে সন্ধ্যায় শহরে পাল্টা মিছিল বের করেন বিএনপির নেতা–কর্মীরা। মিছিল শেষে বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে আসাদুজ্জামান বলেন, ‘লাঠিসোঁটা নিয়ে যারা শহরে মহড়া দিয়েছে এবং বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’