নোয়াখালীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার আনোয়ার হোসেন ওরফে রিয়াদ (২৮) ও জালাল উদ্দিন ওরফে মিস্টার (২৮)। আজ বুধবার সকালে দুজনকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১৪ জুন সকালে তরুণ এক দম্পতি কোম্পানীগঞ্জের একটি পর্যটন এলাকায় ঘুরতে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা ছবি তোলার সময় স্থানীয় যুবক জাহাঙ্গীর, আনোয়ার ও জালাল উদ্দিন ওই নারীর স্বামীকে পিটিয়ে আহত করে গাছের সঙ্গে বেঁধে পাশের বাগানে নিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁরা চলে যান।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় ১৮ জুন ওই নারীর স্বামী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলায় জাহাঙ্গীর, আনোয়ার ও জালাল উদ্দিনকে আসামি করা হয়েছে। মামলার পর কোম্পানীগঞ্জ থানা-পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।