হঠাৎ আগুনে একে একে পুড়ে গেল ৮০টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে মেঘনা সাইকেল কারখানা ও ডেকু গার্মেন্টসের পাশে আগুনে পুড়ে গেছে ৮০টি কক্ষ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে
ছবি: সংগৃহীত

কেউ রান্না শেষ করেছেন। কেউবা খাওয়া শেষে নিচ্ছেন ঘুমের প্রস্তুতি। হঠাৎ আগুন দেখে চারদিকে শুরু হয় ছোটাছুটি। বাসিন্দারা দৌড়ে পালিয়ে বেঁচে গেলেও পুড়ে গেছে ৮০টি ঘর ও সব মালামাল।

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মাওনা উত্তরপাড়া গ্রামের মেঘনা সাইকেল কারখানা ও ডেকু গার্মেন্টসের পাশের আবদুল হক খানের বাড়ির বেশির ভাগ কক্ষ ছিল আধা পাকা। কিছু কক্ষ ছিল টিনের তৈরি। এতে হতাহতের ঘটনা ঘটেনি। নুরুল হক বাড়িগুলো বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন।

স্থানীয় লোকজনের ভাষ্য, প্রথমে ১৬টি কক্ষের একটি বাড়িতে আগুন লাগে। এরপর পাশাপাশি অবস্থিত আরও তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সবশেষে ১০ কক্ষবিশিষ্ট অপর একটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে ৮০টি ঘর পুড়ে যায়। ঘটনাটি ফায়ার সার্ভিসে জানানো হয়। একই সঙ্গে স্থানীয় উদ্যোগেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাড়িগুলোর আসবাবসহ অন্য সবকিছু পুড়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী ওবায়দুল হক বলেন, হঠাৎ আগুন দেখতে পেয়ে তাঁরা বাড়ির কাছে আসেন। লোকজন ছোটাছুটি করে ঘরগুলো থেকে বাইরে বেরিয়ে আসছিলেন। আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুনের বিশালতার কারণে সেটি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া ঘরের বাসিন্দা কারখানাশ্রমিক নাজমুল ইসলাম। তিনি বলেন, তাঁদের ঘরের সবাই খাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় মানুষের চিৎকার শুনে বাইরে এসে আগুন দেখতে পান। ততক্ষণে তাদের থাকার ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আরেক বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, আগুনে কিছুই আর অবশিষ্ট নেই। সব পুড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. শামীম মৃধা প্রথম আলোকে বলেন, আগুনে আবদুল হক খানের বাড়ির কক্ষগুলো পুড়ে গেছে। সবাই দ্রুত দৌড়ে বের হয়ে আসায় এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল জানান, আগুনে সেখানে ৮০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।