সংবাদ সম্মেলন করে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন সংসদ সদস্য মহিববুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগত ১৪ বছরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য মহিববুর রহমান। বৃহস্পতিবার কলাপাড়া প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিগত ১৪ বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন সংসদ সদস্য মো. মহিববুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংসদ সদস্য মো. মহিববুর রহমান তাঁর আমলে এলাকায় হওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় একটি লিফলেটও প্রকাশ করেন তিনি। লিফলেটে ৭৬টি উন্নয়নকাজ বাস্তবায়নের কথা বলা হয়। সংসদ সদস্যের দাবি, বিগত নির্বাচনের সময় ইশতেহারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ৮০ শতাংশ কাজ তিনি বাস্তবায়ন করেছেন।

মো. মহিববুর রহমান বলেন, জঙ্গিবাদ নির্মূল ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে টানা ১৪ বছর ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খেয়েছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কলাপাড়াসহ সারা দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। খাদ্য, নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, ক্রীড়া, শিক্ষাসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বের রোল মডেল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. মহিববুর রহমান আরও বলেন, ‘আমি বিগত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। ওই ইশতেহারের ৮০ শতাংশ কাজ আমি বাস্তবায়ন করেছি। আমার বিগত চার বছরে বাস্তবায়িত উন্নয়নকাজ নিয়ে সংকলন প্রকাশ করেছি। হলফ করে বলতে পারি, কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলায় আমি রাজনৈতিক প্রতিহিংসা, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করেছি। একসময় এলাকায় সালিস–বাণিজ্য ছিল, তা-ও বন্ধ করা হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়নকাজ নিজে মনিটরিং করেন। আমি শুধু তাঁর নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’ আগামী সংসদ নির্বাচনে তিনি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিগত ১৪ বছরে পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় কাজ হিসেবে পায়রা সমুদ্রবন্দর, শের-ই-বাংলা ত্রিমাত্রিক নৌঘাঁটি, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র, রাঙ্গাবালীকে উপজেলায় রূপান্তর, মহিপুর বন্দরকে থানায় রূপান্তর, পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে পৌরসভায় রূপান্তরের বিষয়গুলো উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল ইসলাম বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।