হাওরে ফসল রক্ষা বাঁধের ১৯৩ প্রকল্পের মধ্যে কাজ শুরু ৪০টিতে, গতি বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ১৯৩টি প্রকল্প। এগুলোর কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু হয়েছে মাত্র ৪০টি প্রকল্পে। প্রতিটি প্রকল্পের জন্য নভেম্বর মাসের মধ্যে প্রকল্প নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করার কথা থাকলেও এখন পর্যন্ত একটিতেও তা করা হয়নি।

এ অবস্থায় সব হাওরে বাঁধের কাজ দ্রুত শুরু এবং কাজে গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন সুনামগঞ্জের হাওরগুলোতে বাঁধ নির্মাণসংক্রান্ত জেলা কমিটির মতবিনিময় সভায় অংশ নেওয়া ব্যক্তিরা। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

সভায় বক্তারা বলেন, হাওরে বাঁধের কাজে স্বচ্ছতা নিশ্চিত জরুরি। ১৫ ডিসেম্বর সব হাওরে কাজ শুরু হওয়ার কথা, এবারও এখন পর্যন্ত সেটি হয়নি। বারবার হাওর থেকে পানি ধীরে নামার অজুহাত দেখানো হয়। এটা ঠিক নয়। কোনো কোনো স্থানে আগে কাজ শুরু করা যায়। বিলম্বে কাজ শুরু হলে শেষ দিকে তাড়াহুড়োয় কাজ দুর্বল হয়। এতে ফসল ঝুঁকিতে পড়ে, যেটা এবার এপ্রিলে হয়েছিল।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় কাজের সার্বিক বিষয় তুলে ধরেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-১) মো. মামুন হাওলাদার। সভায় তিনি বলেন, এবার সুনামগঞ্জের ৪৮টি হাওরে ৬২৫ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ হবে। ইতিমধ্যে ৯০৪টি প্রকল্প প্রস্তুত হয়েছে। জেলা কমিটি ১৯৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে কাজ শুরু হয়েছে ৪০টিতে।

এবার বন্যায় বাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্প বাড়বে জানিয়ে মামুন হাওলাদার বলেন, এবার ৬২৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে প্রাক্কলন ধরা হয়েছে ১৭০ কোটি টাকা। এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ১০০ কোটি টাকা। ৫ বছরের মধ্যে ২০১৭ সালে প্রকল্প ছিল সবচেয়ে বেশি—৯৬৫টি। এবার এ সংখ্যা আরও বেশি হতে পারে। এবারও হাওর থেকে পানি ধীরে নামায় জরিপ ও প্রকল্প নির্ধারণে বিলম্ব হয়েছে।

প্রকল্প ও ব্যয় বৃদ্ধি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সভায় ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, পিআইসি গঠনে সতর্ক থাকতে হবে। দ্রুত কাজ শুরু ও কাজের গতি আরও বাড়াতে হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্ব পরিস্থিতির কারণেই হাওরের ফসল এবার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জমিতে আবাদ বাড়াতে হবে। বোরো ফসল রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

এবার সুনামগঞ্জে ২ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, এ পর্যন্ত ২২ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে।

সভায় বাঁধের কাজের নানা বিষয় নিয়ে আরও বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব, শান্তিগঞ্জ ইউএনও আনোয়ার উজ জামান, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, জেলা কৃষক লীগের সদস্যসচিব বিন্দু তালুকদার প্রমুখ।

সভা শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ধানকুনিয়া হাওরের ফসল রক্ষা বাঁধটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বোরো ফসল রক্ষায় বাঁধ পুনর্নির্মাণ ও মেরামতকাজ নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন।

প্রশাসন ও পাউবো সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের হাওরগুলোতে একসময় ঠিকাদারদের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ হতো। ২০১৭ সালে হাওরে ব্যাপক ফসলহানির পর পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণে নতুন নীতিমালা করে। ঠিকাদারদের বাদ দিয়ে এ কাজে সরাসরি যুক্ত করা হয় জেলা ও উপজেলা প্রশাসনকে। এর পর থেকে স্থানীয়ভাবে কৃষক ও সুবিধাভোগীদের নিয়ে গঠিত পাঁচ থেকে সাত সদস্যের পিআইসির মাধ্যমে কাজ হচ্ছে। প্রতিটি প্রকল্পে একটি পিআইসি থাকে এবং একটি পিআইসি সর্বোচ্চ ২৫ লাখ টাকার কাজ করতে পারে।