সূর্যটুপি মাথায় দিয়ে সূর্য উৎসব উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্য টুপি মাথায় দিয়ে সূর্য উৎসব উদযাপন। রোববার সকালে কুড়িগ্রামের চর শাখাহাতি দ্বীপে
ছবি: প্রথম আলো

নতুন বছরের প্রথম সূর্যোদয় পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে কুড়িগ্রামের চর শাখাহাতি দ্বীপে তিন দিনব্যাপী সূর্য উৎসব উদ্‌যাপিত হয়েছে। আজ রোববার ছিল উৎসবের তৃতীয় ও শেষ দিন। এ বছর সূর্য উৎসবের ২৩তম আসর এই দ্বীপচরে অনুষ্ঠিত হলো।

ভোর থেকেই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যরা চর শাখাহাতি দ্বীপে ব্রহ্মপুত্র নদের কিনারে মাথায় সূর্যটুপি পরে জমায়েত হতে থাকেন। এ সময় তাঁরা হাতে কাগজের নৌকা, কাগজের তৈরি তারা নিয়ে আসেন। বছরের প্রথম সূর্যোদয় দেখার সঙ্গে সঙ্গেই তাঁরা কাগজের নৌকা ও তারা বিশ্ববাসীর মঙ্গল কামনায় নদীর পানিতে ভাসিয়ে দেন।

মাথায় সূর্যটুপি পরে নতুন বছরের সূর্য বরণ করতে ব্রহ্মপুত্র তীরে এসেছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী সংঘ সরকার। সে বলল, ‘সূর্য উৎসবে এবারই প্রথম এসেছি। গতকাল (শনিবার) কাগজ কেটে রকেট তৈরি করেছি। রাত জেগে কাগজের নৌকা, সূর্যটুপি ও স্টার বানিয়েছি। আজ ভোরে নতুন সূর্য দেখার জন্য নদীর তীরে জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে নদী তীরে এসেছি। কাগজের নৌকা নদীতে ভাসিয়ে দিলাম। সূর্য উৎসবে এসে আমার ভালো লেগেছে।’

এর আগে গত শুক্রবার ছোটদের বিজ্ঞান উৎসব ও সূর্য উৎসবে যোগ দিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের ১৬ জন সদস্য ঢাকা থেকে কুড়িগ্রামে আসেন। তাঁরা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চর শাখাহাতি দ্বীপে তিন দিনের জন্য তাঁবু ক্যাম্প করে উৎসবের আয়োজন করেন। চিলমারীর শাখাহাতি দ্বীপচরে শনিবার ছোটদের বিজ্ঞান উৎসব, বিজ্ঞানবিষয়ক আলোচনা, টেলিস্কোপে রাতের আকাশ দেখা, তাঁবুবাস, ব্রহ্মপুত্র চর থেকে টেলিস্কোপে নতুন বছরের প্রথম সূর্য দেখা এবং প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ২০০১ সাল থেকে নিয়মিতভাবে বছরের প্রথম সূর্যোদয় পর্যবেক্ষণের জন্য সূর্য উৎসবের আয়োজন করে থাকে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ছোটদের জন্য বিজ্ঞান উৎসব ও সূর্য উৎসবের আয়োজন করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হলো গ্রামের শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। এ বছর কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রত্যন্ত চর শাখাহাতি দ্বীপে সূর্য উৎসবের আয়োজন করা হয়েছে।’

এবারের আয়োজনে প্রথম আলো ও চ্যানেল আই মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে। এ ছাড়া এই আয়োজনে সহযোগী হিসেবে আছে চিলমারী উপজেলা প্রশাসন, ৪৬ ফাউন্ডেশন, গ্রিন বার্ড নার্সারি স্কুল। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকেরা।