পাবনায় ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
পাবনার চাটমোহরে একটি ভ্যান ছিনতাই করতে ইমরান হোসেন (১৭) নামের এক ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোরে নিহত ইমরানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইমরান উপজেলার শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তার চাচাতো ভাই সুমন হোসেন (২০) ও তাঁর দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শুকুরভাঙ্গা এলাকা থেকে ইমরান হোসেনের অটোভ্যানটি ভাড়া নেন তার চাচাতো ভাই সুমন হোসেন। এ সময় আরও দুজন ছিলেন। অটোভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন তাঁরা। পরে রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান এবং মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে ইমরানকে মারধর করা হয়। পরে চাচাতো ভাইসহ তাঁর সহযোগীরা ইমরানকে হত্যা করে লাশ ফেলে রেখে পাশের ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেন।
এদিকে ইমরানের পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বাজারে এসে জানতে পারে চাচাতো ভাই সুমনসহ তিন ব্যক্তিকে নিয়ে ভাড়ায় গেছে ইমরান। পরে তারা সুমনের বাড়িতে যায়। সেখানে সুমনের কথার অসংলগ্নতার কারণে তাঁদের থানায় নিয়ে আসা হয়। পরে তাঁরা ইমরানকে হত্যার কথা স্বীকার করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, নিহত ইমরানের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন আছে। ঘটনায় অভিযুক্ত সুমনসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।