‘এখনো রাতে ঘুম ভেঙে যায়, মাঝরাতে জেগে কাঁদি’
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন ও শরীয়তপুর–২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক। দুঃসহ সেই ঘটনার স্মৃতিচারণা করে তাঁরা জানান, গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে তাঁদের শরীরে ক্ষত হয়েছে। ১৮টি বছর ধরে তাঁরা শরীরে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন।
গ্রেনেড হামলার ঘটনা স্মরণ করে আজ রোববার দুপুরে নড়িয়া উপজেলা ও সখীপুর থানা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা হয়। সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক বলেন, ‘বিভীষিকাময় সেই ঘটনা মনে করে এখনো রাতে ঘুম ভেঙে যায়। মাঝরাতে জেগে কাঁদি।’
এ কে এম এনামুল হক বলেন, ‘সেদিন যেভাবে মুহুর্মুহু গ্রেনেড ছোড়া হয়েছিল, তাতে বেঁচে থাকার কথা ছিল না। অনুষ্ঠান শুরুর আগে মঞ্চে ছিলাম। আপা (শেখ হাসিনা) বক্তব্য শুরুর আগে নিচে নেমে মঞ্চ হিসেবে ব্যবহার করা ট্রাকটির সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম। বক্তব্যের শেষ মুহূর্তে আপা ও আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। মানুষ দ্বিগ্বিদিক ছোটাছুটি করছিল। পাশে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতা সেন্টু মারা গেল। আমি গ্রেনেডের আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যাই। স্থানীয়রা উদ্ধার করে এলিফ্যান্ট রোডের একটি হাসপাতালে নেয়। সেখানে কেউ আমাদের চিকিৎসা দিচ্ছিল না। রাতে স্বজনেরা সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানেও পুলিশ হানা দেয়। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। শরীরের নিচের অংশে অসংখ্য গ্রেনেডের স্প্লিন্টার রয়ে গেছে। তাঁর যন্ত্রণা এখনো বয়ে বেড়াচ্ছি। এভাবেই রাজনীতিতে টিকে আছি, বেঁচে আছি।’
এদিকে আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংসদ সদস্য ইকবাল হোসেন বলেন, ‘শরীরে গ্রেনেড নিয়ে রাজনীতির পথ চলছি। মাঝেমধ্যে যন্ত্রণায় কাতরাতে হয়। সেদিনের ভয়াল স্মৃতি মনে হলে এখনো আঁতকে উঠি। সেদিন আমার সহযোদ্ধা বন্ধু সেন্টু আমাদের পাশে ছিলেন। তিনি প্রাণ হারান, আমিও মারা যেতে পারতাম। হয়তো মানুষের দোয়া ও ভালোবাসায় নেত্রীসহ অসংখ্য নেতার সঙ্গে আমিও বেঁচে ফিরেছি।’
ইকবাল হোসেন বলেন, ‘আমাদের একটাই কষ্ট, ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান দেশ থেকে পালিয়ে গেল। ওই ঘটনার কুশীলবরা এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।’
আলোচনা সভায় বক্তৃতা করেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার, সরকারি কৌঁসুলি মীর্জা হযরত আলী, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, পৌর মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।