মাদারীপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরানবাজার এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরান বাজার এলাকার ওই কার্যালয়ে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, স্লোগান দিতে দিতে আজ দুপুরে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালান। তাঁদের সঙ্গে যোগ দেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা।

দেয়াল ভেঙে কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে মানুষ। এ সময় হাতুড়ি দিয়ে কার্যালয়ের ভেতর ও বাইরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গুঁড়িয়ে দেওয়া হয় কার্যালয়। পরে কার্যালয়ে বাইরে অবস্থান করে বক্তব্য দেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরানবাজার এলাকায়
ছবি: প্রথম আলো

এ সময় মাদারীপুর জেলা যুবদলের সদস্যসচিব ফারুক ব্যাপারী বলেন, ‘দীর্ঘদিন খালেদা জিয়া কিংবা তারেক রহমানের নামে কোনো হত্যা মামলা হয়নি। অথচ শেখ হাসিনার নামে আজ হাজারো হত্যা মামলা হয়ে গেছে। মাদারীপুরে শেখ হাসিনার কোনো আস্তানা রাখা যাবে না। সবাই মিলে এই হাসিনার আস্তানা নিশ্চিহ্ন করে ফেলব।’

মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান ফকু বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে, সেই রাগের বহিঃপ্রকাশ। সাধারণ জনগণ শেখ হাসিনা ও তাঁর পরিবারের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখবে না। এ জন্যই বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছেন দলের নেতা–কর্মীরা।

আওয়ামী লীগের কার্যালয় ভাঙার পরই সদর উপজেলা পরিষদের সমানে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর আরেকটি ম্যুরালসহ আওয়ামী লীগ সরকারের আমলে উদ্বোধন করা সংসদ সদস্য ও মন্ত্রীদের নামফলকও ভেঙে ফেলা হয়।