বিএনপি-সমর্থিত মহল ডাকসু নির্বাচনকেও ভুলভাবে ব্যাখ্যা করছে: ফুয়াদ
আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ ঠিকভাবে বুঝতে পারেনি, ঠিক তেমনি সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী এবং বামপন্থী মহল বুঝতে পারছে না। যাঁরা বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশে ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) জাতীয় নির্বাচন হতে পারে না, ডাকসু নির্বাচন ইতিমধ্যে তাঁদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে।
আজ শুক্রবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশালের উন্নয়ন ও রাজনীতির সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ফুয়াদ এ কথাগুলো বলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ডাকসু নির্বাচনের ফলাফলকে ইসলামপন্থী, জামায়াত-শিবিরের বিজয় বা জঙ্গিবাদ-মৌলবাদের উত্থান হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। এই বিশ্লেষণ আসলে তরুণদের না বোঝারই প্রমাণ। যেভাবে আওয়ামী লীগ গণ-অভ্যুত্থানকে বিএনপি-জামায়াত-আমেরিকার ষড়যন্ত্র হিসেবে দেখেছিল, ঠিক সেভাবেই অনেক বামপন্থী ও বিএনপি-সমর্থিত মহল ডাকসু নির্বাচনকেও ভুলভাবে পাঠ করছেন, ব্যাখ্যা করছেন।
আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ‘পুরো ডাকসু নির্বাচন আমাদের সামনে আগামী দিনের রাজনীতির নতুন একটি ব্যাকরণ তুলে ধরেছে। সেই ব্যাকরণ ১৯৯১, ১৯৯৬ বা ২০০১ সালের রাজনীতির মেট্রিক্স (কাঠামো বা মানদণ্ড) দিয়ে মাপা যাবে না। যদি মাপি তাহলে সবাই ভুল করব। কেননা এই নতুন মেট্রিক্সই আগামী দিনের জাতীয় ও স্থানীয় নির্বাচনের ভিত্তি তৈরি করবে। আর এটাকে ভিত্তি করেই আগামী দিনের জাতীয় ও স্থানীয় নির্বাচন হবে।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্য, দেশ এখনো শান্ত হয়নি, বরং প্রচণ্ড অশান্ত হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা এখনো ভলকানোর (আগ্নেয়গিরি) ওপর বসবাস করছি। যদি কেউ মনে করে থাকেন যে আগামী ফেব্রুয়ারির পর দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে, তবে সেটা নিতান্তই ভুল ধারণা। কারণ, যেকোনো সময় নেপাল, শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়ার মতো পরিস্থিতি আমাদের দেশের অভ্যন্তরেও তৈরি হতে পারে। বিষয়টি সব রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে।’