ময়মনসিংহে এবার আইনজীবী আশিকুর রহমানের বিরুদ্ধে তাঁর ভাইয়ের পাল্টা অভিযোগ
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনামুল কবীরের বিরুদ্ধে আইনজীবী আশিকুর রহমানকে মারধরের অভিযোগ করার একদিন পর শুক্রবার বিকেলে ওই আইনজীবীর ভাই গোলাম মোহাম্মদ ওরফে সোহেল সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেন।
এতে সোহেল বলেন, আশিকুর রহমান বিভিন্ন সময় মাসহ পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করেন। গত বুধবার অতিরিক্ত ডিআইজির কক্ষে আশিকুর নিজের মায়ের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি। এ সময় অতিরিক্ত ডিআইজি তাঁকে নিবৃত্ত করতে চড় মারেন।
শুক্রবার বিকে ময়মনসিংহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন আইনজীবী আশিকুর রহমানের ভাই গোলাম মোহাম্মদ।
আশিকুর রহমানের মা নুরুন্নাহার শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সন্তানদের মধ্যে বিরোধের কারণে তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। তবে অতিরিক্ত ডিআইজির কক্ষে আশিকুর রহমান তাঁকে মারধর করেননি বা মারধর করতে চাননি। এর আগেও কখনো আশিকুর রহমান বা অন্য কোনো সন্তান তাঁকে মারধর করেননি। সন্তানেরা বিরোধে লিপ্ত হয়ে এসব বানোয়াট কথা বলছে।
অভিযোগের বিষয়ে আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য প্রচার করছেন ভাই গোলাম মোহাম্মদসহ কয়েকজন। তিনি মারধরের ঘটনার ন্যায়বিচার দাবি করেন।
এ সময় আশিকুর রহমান বলেন, তাঁরা সাত ভাই। তাঁদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা শিমুলিয়াপাড়া গ্রামে। প্রায় এক বছর আগে আশিকুর রহমানের সঙ্গে পরিবারিক বিরোধ সৃষ্টি হয় গোলাম মোহাম্মদের। ওই বিরোধকে কেন্দ্র করে আশিকুর তাঁর মা নুরুন্নাহারকেও মারধর করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ হওয়ার পর ভাইয়েরা দুই ভাগ হয়ে যান। একপক্ষে আশিকুর ও গোলাম আহমেদ ওরফে সুমন। বাকি পাঁচ ভাই একপক্ষে। পাঁচ ভাইয়ের পক্ষে থাকা মিজানুর রহমান রওফে সুজন পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে নেত্রকোনা জেলায় কর্মরত। পারিবারিক বিরোধের জেরে সম্প্রতি আশিকুর রহমানের বিরুদ্ধে ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে লিখিত অভিযোগ দেন এসআই মিজানুর রহমান। পরে গত বুধবার ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য সাত ভাই ও তাঁদের মা নুরুন্নাহারসহ পরিবারের সদস্যদের ডাকেন অতিরিক্ত উপমহাপরিদর্শক এনামুল কবীর। শুনানি চলার সময় আশিকুর তাঁর মায়ের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। ওই সময় অতিরিক্ত ডিআইজি তাঁকে চড় মারেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশিকুর রহমানের ভাই ইমরুল কায়েস, তারেক রহমান ও এসআই মিজানুর রহমানের স্ত্রী তাহমিনা আক্তার।
এর আগে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নেতারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, অতিরিক্ত ডিআইজি এনামুল কবীর আইনজীবী আশিকুর রহমানকে নিজের কক্ষে প্রথমে থাপ্পড় মারেন ও পরে রড দিয়ে পেটান।
আইনজীবী সমিতিতে আশিকুর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পড়েন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন। তিনি দ্রুত সময়ের মধ্যে অতিরিক্ত ডিআইজিকে বরখাস্তের দাবি জানান।
সাংবাদিকদের কাছে আশিকুর রহমানের গায়ে হাত তোলার কথা স্বীকার করেন অতিরিক্ত ডিআইজি এনামুল কবীর। তাঁর দাবি, আশিকুর রহমান মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় তিনি গায়ে হাত তুলে নিবৃত্ত করেন।