শ্রীপুরে বালু ব্যবসায়ী এনামুল হত্যাকাণ্ডে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে এনামুল হক হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), গাজীপুর ক্যাম্প। গতকাল বুধবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার র‌্যাব-১–এর গাজীপুর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন—শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে আবুল কাশেম গাজী (৩০), ইদ্রিস আলীর ছেলে ফখরুল ইসলাম (৫০) ও ময়মনসিংহের পাগলা এলাকার চাকুয়া গ্রামের আবদুর রহমানের ছেলে মো. ফালান (৪০)। আবুল কাশেম গাজীর বাড়ি থেকে নিহত এনামুলের ব্যবহৃত মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বালু বিক্রির টাকা আনার সময় তাঁরা এনামুলকে খুন করেন বলে জানিয়েছে র‌্যাব।

গত ৩০ সেপ্টেম্বর সকালে শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার লিচুবাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে লাশটি ময়মনসিংহ সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে এনামুল হকের বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় ১ অক্টোবর শ্রীপুর থানায় একটি মামলা করা হয়। এই ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত করে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনামুল হক ছিলেন বালু ব্যবসায়ী। ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় এনামুল হক বালু বিক্রির বকেয়া টাকা নেওয়ার জন্য শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামে ফখরুল ইসলামের বাড়িতে যান। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ফখরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে এনামুল হককে মারধর করেন। এনামুল পালিয়ে পাশের খোরশেদ আলমের দোকানের সামনে আসেন। তখন আবুল কাশেম ও মো. ফালান তাঁকে আটকে টাকা ও মুঠোফোন কেড়ে নেন। তাঁরা তাঁকে আবারও ধরে ফখরুল ইসলামের কাছে নিয়ে যান। সেখানে তাঁরা তিনজন এনামুলকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে এনামুলের মৃত্যু হয়। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা লাশ একটি পিকআপে তুলে টেপিরবাড়ি গ্রামের ইসমাইল মৃধার বাড়ির দক্ষিণ পাশে লিচুবাগানে নিয়ে যান। লাশটি লিচুগাছের ডালের সঙ্গে ফাঁস লাগা অবস্থায় ঝুলিয়ে রেখে তাঁরা পালিয়ে যান। পরদিন সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

র‌্যাব-১–এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস এম মাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।