ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো ওই গ্রামের সুমন মাল্লার ছেলে আবদুর রহমান (৫) ও রহমত মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৬)।

প্রত্যক্ষদর্শী মন্নর মিয়া জানান, দুপুর ১২টার দিকে সুমন মাল্লার বাড়ির উঠানে তাঁর শিশুপুত্র আবদুর রহমান ও প্রতিবেশীর ছেলে আবদুল্লাহ খেলা করছিল। খেলার এক ফাঁকে সবার অগোচরে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের জুতা ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা পানিতে নেমে শিশু দুটিকে নিথর অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হাসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় পরিবারের সবাই ঘরে ছিলেন। সে সময় শিশু আবদুর রহমান ও আবদুল্লাহ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পানি থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।