দিনাজপুর–৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড ছিঁড়েছে দুর্বৃত্তরা
দিনাজপুর-৬ আসনে (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে বিরামপুর পৌর শহরের মনিরামপুর মহল্লায় বিরামপুর-খট্টামাধবপাড়া সড়কের পাশে লাগানো ওই বিলবোর্ডের নিচের অংশ ছিঁড়ে ফেলা হয়।
খবর পেয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন প্রামাণিকের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িত ব্যক্তিদের কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি।
আসনটির জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, দিনাজপুর-৬ আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ দল দিশেহারা হয়েছে। ভোটে তো আর দাঁড়িপাল্লাকে ঠেকানো যাবে না, যদি বিলবোর্ড ছিঁড়ে জামায়াতের একটু ক্ষতি করা যায়—এটিই তাদের জন্য সান্ত্বনা। বিলবোর্ড ছেঁড়ার ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে একটি লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে দেওয়া হবে।
এ বিষয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন প্রামাণিক বলেন, বিলবোর্ডটি কে বা কারা ছিঁড়েছে—সেটি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।