চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় দুই নেতাকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার আমিরবাদ স্টেশনে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা করা দুই নেতা হলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক ও জামায়াতে ইসলামীর বটতলী শহর শাখার আমির জালাল আহমদ। তাঁদের দুজনকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুমন মণ্ডল। তিনি জানান, আমিরাবাদ স্টেশনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুটি প্রচারণা ক্যাম্পে গিয়ে দেখা যায় সেখানে ৪০০ বর্গফুটের অধিক আয়তনের প্যান্ডেল স্থাপন করা হয়েছে। এটি আচরণবিধির লঙ্ঘন। তাই প্যান্ডেল স্থাপনের সঙ্গে যুক্ত দুজনকে জরিমানা করা হয়েছে।