মতলব উত্তরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে যুবলীগ নেতা মোবারক হোসেন ওরফে বাবু (৪৮) নিহত হওয়ার ঘটনা হত্যা মামলা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিহত মোবারক হোসেনের ভাই আমির হোসেন ওরফে কালু বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মতলব উত্তর থানায় মামলাটি করেন। এ মামলায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মুসা গাজী, জুয়েল কবিরাজ, সাবিয়া বেগম, আনোয়ার শেখ, মোশারফ মিজি ও সাকিলা বেগম।
আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে দ্বন্দ্বের জেরে গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোবারক হোসেন। তিনি উপজেলার মোহনপুর ইউনিয়নের যুবলীগের সদস্য। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহত মোবারকের ছেলে ইমরান ব্যাপারী ও আওয়ামী লীগ কর্মী জহির কবিরাজ।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজনের নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী মুসা গাজী, জুয়েল কবিরাজ ও আনোয়ার শেখসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে। গ্রেপ্তার আসামিদের চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নিহত মোবারক হোসেনের লাশ গতকাল শনিবার রাতে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাই প্রধান ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মোহনপুর পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান। ওই নির্বাচনে কাজী মিজানুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর পক্ষে সেখানে নির্বাচনের সার্বিক বিষয়ে দেখভাল করেন বাহাদুরপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক ও তাঁর লোকজন।
আবদুল হাইয়ের নির্বাচনের সার্বিক তদারকি করেন স্থানীয় যুবলীগের নেতা বাহাদুরপুর এলাকার আমির হোসেন ওরফে কালু। নির্বাচনের পর থেকে এ দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। গতকাল বিকেলে বাহাদুরপুর এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুর রাজ্জাক এবং আমির হোসেন ও ইউপি সদস্য আলমগীর হোসেনের লোকজনের মধ্যে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় গুলিতে গুলিবিদ্ধ হন মোবারক হোসেন এবং তাঁর ছেলে ইমরান ব্যাপারী (১৮) ও আওয়ামী লীগের কর্মী জহির কবিরাজ। গুলিবিদ্ধ মোবারক হোসেনকে ও তাঁর ছেলে ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল পাঁচটায় মোবারক হোসেন মারা যান। গুরুতর আহত ইমরান ও জহির কবিরাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।