৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা

১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার ৫ হাজার জাল ভিসাসহ গ্রেপ্তার আব্দুল মাবুদছবি: পুলিশের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন দেখান তাঁরা। বিশ্বাস অর্জনের জন্য দেন ভিসাও। কিন্তু সেই ভিসা আসলে জাল। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে ধরা পড়ে প্রতারণার বিষয়টি। এর আগেই ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা। এমন একটি প্রতারক চক্রের সদস্য আবদুল মাবুদকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।

আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি হোটেল থেকে আবদুল মাবুদকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে। মাবুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের একটি হোটেল থেকে আবদুল মাবুদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বাংলাদেশের ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার লোকজনের ১৭টি পাসপোর্ট পাওয়া গেছে। সার্বিয়া যাওয়ার জন্য তাঁরা প্রতারক চক্রকে এসব পাসপোর্ট দিয়েছিলেন। মাবুদের কাছ থেকে সার্বিয়ার পাঁচ হাজার ভিসা উদ্ধার করা হয়েছে। এগুলো জাল।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাবুদ স্বীকার করেছেন, ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে তাঁরা লোকজনের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করেন। পাসপোর্ট নেওয়ার পর বিশ্বাস অর্জনের জন্য ভিসা দেন। এর আগেই টাকা নিয়ে নেন। জাল ভিসা বিমানবন্দরে পুলিশের অভিবাসন শাখায় ধরা পড়লে চক্রের সদস্যরা ভুক্তভোগীর অন্য কোনো সমস্যা আছে বলে দাবি করেন। এ রকম কয়েকজন বিমানবন্দর থেকে ফেরত আসার কথা জানিয়েছেন মাবুদ।

উদ্ধার করা জাল ভিসা
ছবি: পুলিশের সৌজন্যে

সার্বিয়া যাওয়ার জন্য টাকা দেওয়া ব্যক্তিদের একজন মো. সাইফুল। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ সদরে। আজ দুপুরে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর এলাকার মামুন শেখ নামের একজনের মাধ্যমে সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট দিয়েছিলেন। আগামীকাল সোমবার তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে তাঁর পাসপোর্টসহ চক্রের এক সদস্য গ্রেপ্তার হওয়ার বিষয়টি তিনি জানেন না।

সাইফুল আরও বলেন, তাঁর জানামতে, তাঁদের এলাকার মো. হাসানসহ অনেকেই সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ও টাকা দিয়েছেন।

পরে মামুন শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ঢাকার একটি এজেন্সিকে তিনি তাঁর চারজন আত্মীয়কে সার্বিয়া পাঠানোর জন্য ৯ লাখ টাকা দিয়েছেন। গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন না।

ওসি জাহেদুল কবির বলেন, ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশে চক্রের সদস্য রয়েছেন। তাঁরা সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কম টাকায় লোক পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন