কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

চিকিৎসক নাবিলা নুসরাতছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার আজিমপুর গ্রামের বটতলা–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নাবিলা নুসরাত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যাথলজি বিভাগে এমডি কোর্সে ছিলেন। তাঁর স্বামী বরিশাল সদর উপজেলার মাইনুল ইসলামও পেশায় চিকিৎসক।

কলাপাড়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা নুসরাত, তাঁর স্বামী ও আরও দুই সহকর্মী কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণে যান। গতকাল শনিবার বিকেলে তাঁরা কুয়াকাটার মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধ বিহার এলাকায় ঘুরতে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে করে কুয়াকাটা এলাকায় ফেরার পথে তাঁদের বহন করা যানটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে নাবিলার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয় মানুষেরা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলি সাহা বলেন, ‘আমাদের এখানে তাঁকে (নাবিলা) মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। গাছের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথার পেছনের অংশে গুরুতর জখম হয়েছে। এতে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়।’

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।