সার না পেয়ে কুড়িগ্রামে সড়ক অবরোধ, চার ঘণ্টা গুদামে অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

সড়কে গাছ ফেলে অবরোধ করেন কৃষকেরা। আজ শুক্রবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারেছবি: প্রথম আলো

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। এতে স্থানীয় মাদারগঞ্জ-কচাকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা এক কৃষি কর্মকর্তাকে প্রায় চার ঘণ্টা ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকেরা।

আজ শুক্রবার সকাল আটটার দিকে বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের দ্রুত সার দেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। পুলিশি নিরাপত্তায় ওই কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করা হয়।

কৃষকেরা জানান, গাবতলা বাজারের সার ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারিজে আজ সকাল আটটা থেকে সার বিতরণের কথা ছিল। সকালে সেখানে গিয়ে কৃষকেরা জানতে পারেন, ভোরেই সার বিতরণ শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।

এ ছাড়া ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে ডিলারের গুদাম থেকে বের হতে দেননি কৃষকেরা। সার না পাওয়া পর্যন্ত তাঁকে সেখানে থাকতে হবে বলেও তাঁরা জানান।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে যান। তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন। তাঁদের দ্রুত সার দেওয়ার আশ্বাস দেন।

গুদামে অবরুদ্ধ উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রায় চার ঘণ্টা পর উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে নাগেশ্বরীর গাবতলা বাজারে
ছবি: প্রথম আলো

এরপর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করেন। পুলিশি নিরাপত্তায় রফিকুল ইসলামকে গুদাম থেকে বের করে আনা হয়। ইউএনওর গাড়িতে করে তাঁকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কৃষকদের সার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তাকেও উদ্ধার করা হয়েছে।

রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল থেকে বল্লভেরখাস ইউনিয়নে সার বিতরণ শুরু করা হয়। গুদামে ৮০ বস্তা সার ছিল। পাঁচজন কৃষকের জন্য এক বস্তা করে সার দেওয়া হচ্ছিল। একপর্যায়ে সার শেষ হয়ে যায়। তখনো গুদামের সামনে অনেক কৃষক ছিলেন। সার না পেয়ে তাঁরা সড়ক অবরোধ করেন এবং তাঁকে গুদামে অবরুদ্ধ করে রাখেন।