চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
চট্টগ্রামে গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ।
শুক্রবার দুপুরে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় এই মিছিল হয়। রাতে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
ভিডিওতে দেখা যায়, মিছিলে ৪০–৫০ জনের একটি দল আওয়ামী লীগের গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছে। তাঁদের বেশির ভাগের মাথায় লাল টুপি ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম প্রথম আলোকে বলেন, মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা–কর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে আটজনকে আটক করা হয়েছে। তাঁদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।