রাতে ফেসবুকে পোস্ট, সকালে ঘর থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে নিজের ঘর থেকে রনি আহমেদ (১৯) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। আজ শনিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটেছে।
রনি আহমেদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রনি আহমেদের স্বজনদের দাবি, রনি আত্মহত্যা করেছেন।
রনি আহমেদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত নয়টায় তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সবার কাছে দোয়া চেয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আর হয়তো কোনো পোস্ট করা হবে না।’ আজ সকাল পর্যন্ত রনির ফেসবুকের বন্ধুরা সেখানে আক্ষেপ প্রকাশ করে মন্তব্য করেছেন। এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরই রনির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রনির প্রতিবেশী মো. ওমর ফারুক বলেন, গতকাল রাতে রনি তাঁর ঘরে ঘুমাতে যায়। আজ সকালে স্বাভাবিক সময়ের মধ্যে রনি ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাঁকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে গিয়ে রনির ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়েছি। আমরা ওই বাড়িতে যাব।’