সিলেটে রেকার দিয়ে অটোরিকশা তুলে নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেটে রেকার দিয়ে সিএনজিচালিত অটোরিকশা তুলে নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন অটোরিকশার চালকেরা। এ সময় চালকেরা রেকার ব্যবহারের বিষয়টিকে ‘হয়রানিমূলক’ দাবি করে আম্বরখানা মোড়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট মহানগর পুলিশের কমিশনার, ট্রাফিকের উপকমিশনার প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘট পালন করেছিলেন পরিবহন শ্রমিকেরা। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ওই দিন রাতেই ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর এক দিন পর আবার পরিবহন শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করলেন।

প্রত্যক্ষদর্শী ও অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আম্বরখানা মোড়ে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক পুলিশ কর্মরত ছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র যাচাই করতে গিয়ে ট্রাফিক পুলিশ একটি অটোরিকশা জব্দ করে। একপর্যায়ে অটোরিকশাটি রেকার দিয়ে তুলে নিতে গেলে সেখানে উপস্থিত চালকেরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে আম্বরখানা মোড়ে সিলেট-বিমানবন্দর, আম্বরখানা-টিলাগড় সড়কে কয়েক শ যানবাহন আটকা পড়ে।

পরে খবর পেয়ে সিলেট বিমানবন্দর থানার পুলিশ এবং সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতারা ঘটনাস্থলে গেলে পরিস্থিত শান্ত হয়। পরে বেলা সোয়া দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাঈনুল জাকির প্রথম আলোকে বলেন, অটোরিকশাচালকেরা তাঁদের যানবাহন আটকানোয় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের নেতাদের সঙ্গে পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা কথাবার্তা বলার পর পরিস্থিতি শান্ত হয়। তবে অবরোধ বেশি সময় স্থায়ী ছিল না। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে।