নারায়ণগঞ্জে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাস ও ভোরে ঝুটবোঝাই ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বাসটির সব আসন পুড়ে যায়। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গিরিধারা এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে পার্ক করে রাখা একটি বাসে ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস ও ট্রাকের মালিকপক্ষের দাবি, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর আজ সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকা ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি অটোরিকশায় করে কয়েক ব্যক্তি সাইনবোর্ড এলাকায় আসেন। একপর্যায়ে তাঁরা পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ ঘটনায় বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত জানিয়ে বাসমালিক রাসেল বলেন, কর্মীরা বাসটি রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

অন্যদিকে ট্রাকে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পার্ক করে রাখা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে করে পোশাক কারখানার ঝুট নিয়ে নারায়ণগঞ্জে এসেছিলেন জানিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকটির চালক মামুন বলেন, ভোর চারটার দিকে লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্কিং করে তাঁরা ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন। আগুনে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় দাঁড়িয়ে থাকা ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে স্টেডিয়াম এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে
ছবি: প্রথম আলো

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাইনবোর্ডে বাসে আগুনের খবর পেয়ে শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে ঝুটবোঝাই ট্রাকে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ছয়টার দিকে আগুন আনে দুটি ইউনিট।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান। তিনি বলেন, কারা কী কারণে আগুন দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন