মুঠোফোনচোর সন্দেহে তরুণকে ডেকে নিয়ে পিটিয়ে ‘হত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের টঙ্গীতে মুঠোফোনচোর সন্দেহে বাসা থেকে ডেকে নিয়ে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল শনিবার রাত ৯টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবককে রক্ষা করতে এগিয়ে গেলে মারধরে আহত হন তিন যুবক।

নিহত ওই তরুণের নাম মো. আশিক (২৩)। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার ৩ নম্বর ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন। কখনো অটোরিকশাচালক, কখনো বাসচালকের সহকারী হিসেবে তিনি কাজ করতেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মুঠোফোন চুরির ঘটনায় ১৫ থেকে ২০ দিন আগে স্থানীয় আশরাফুল নামের একজনের সঙ্গে আশিকের বিরোধ হয়। তখন স্থানীয় ব্যক্তিরা বসে বিষয়টি মীমাংসা করে দেন। এরপর শনিবার রাত ৯টার দিকে হঠাৎ করেই আশিকের মুঠোফোনে কল দেন আশরাফুল। ওই মুঠোফোন চুরির বিষয়ে জরুরি কথা আছে জানিয়ে বাসপট্টির নীলাচল হাউজিং প্রকল্পের একটি নির্মাণাধীন ভবনে যেতে বলেন তাঁকে। আশরাফুলের কথামতো আশিক সেখানে যান। সেখানে গেলে আশিকই ওই মুঠোফোন চুরি করেছেন অভিযোগ করে আশরাফুল ও তাঁর লোকজন আশিকের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। এ সময় চিৎকার শুনে সাব্বির, বিল্লাল ও টুটুল নামের স্থানীয় তিন যুবক এগিয়ে গেলে তাঁদেরও পেটানো হয়। একপর্যায়ে আশরাফুল ও তাঁর সঙ্গীরা পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ও পরিবারের লোকজন আশিককে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আশিকের বাবা মো. সোলাইমান বলেন, ‘আমার ছেলে বাসায় বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ খেলা দেখার প্রস্তুতি নিচ্ছিল। সেখান থেকে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলে নির্দোষ। আমি ছেলে হত্যার বিচার চাই।’

চিকিৎসকদের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ জানিয়েছে, নিহত আশিকের মাথা ও মুখে আঘাতের চিহ্ন আছে। কোনো লাঠি বা ইট দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঠিক কী কারণে আশিককে হত্যা করা হয়েছে, তা এখনো বোঝা যাচ্ছে না। তবে স্থানীয় ব্যক্তিদের কেউ কেউ বলছেন, তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আবার কারও ভাষ্য, মুঠোফোন ছিনতাই করতে গিয়ে মারধরের শিকার হয়ে আশিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।