সুবর্ণচরে গভীর রাতে আগুনে পুড়ল ২৪ দোকান
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজারে আগুনে পুড়ে গেছে ২৪টি দোকান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত। প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূঁইয়ার হাট বাজারের দক্ষিণ পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত সাড়ে তিনটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, আগুনে মালামালের আড়তসহ ২৪টি দোকান পুড়ে গেছে। দোকানিদের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।