লেগুনা থেকে ছিটকে প্রাণ গেল স্কুলছাত্রীর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
চাঁদপুরের মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে মুক্তা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর ওই লেগুনার চালককে গ্রেপ্তারের দাবিতে লালপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মুক্তার সহপাঠীরা।
মুক্তা আক্তার উপজেলার ছোট ষাটনল গ্রামের মো. আয়েত আলীর মেয়ে। সে স্থানীয় শরিফউল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তা যাত্রীবাহী একটি লেগুনায় চড়ে পাশের গ্রামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছালে মুক্তা লেগুনা থেকে নামতে গেলে সে আচমকা ছিটকে সড়কের ওপর পড়ে। এতে সে মাথা, পা ও কোমড়ে গুরুতর আঘাত পায়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তার বাবা আয়েত আলী বলেন, ওই চালক বেপরোয়াভাবে লেগুনাটি চালাচ্ছিলেন। এ কারণেই তাঁর মেয়েকে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। মেয়ের এ অকাল মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। ওই গাড়িচালকের দায়িত্বহীনতা ও অসাবধানতার কারণেই এটা হয়েছে। ওই চালককে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন মুক্তার বাবা।
এদিকে মুক্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই গাড়িচালকের গ্রেপ্তারের দাবি জানিয়ে লালপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ঘটনাটি জানার পর তিনি ও থানা-পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে যান। লেগুনাটি জব্দ করা হয়েছে, তবে দুর্ঘটনার পর লেগুনার চালক পালিয়ে গেছেন। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।