যশোর থেকে ঢাকা যাওয়ার পথে তিন নেতা–কর্মী আটক 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলার মানচিত্র

যশোর থেকে বিএনপির অন্তত তিন হাজার নেতা–কর্মী ঢাকার মহাসমাবেশে যোগ দিচ্ছেন। অধিকাংশ নেতা–কর্মী ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। তবে সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে তিন নেতা–কর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য যশোর জেলার ৯৭টি ইউনিয়নে ৯৭ জনকে ইউনিটপ্রধান করা হয়েছে। প্রতি ইউনিট থেকে নিজ নিজ দায়িত্বে ১৫ জন করে নেতা–কর্মী ঢাকায় নিয়ে যাবেন। এ ছাড়া আটটি উপজেলা ও আটটি পৌর কমিটিকে ১০০ জন করে মানুষ ঢাকায় জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে। নেতা–কর্মীরা দুই দিন ধরে মাইক্রোবাস, বাস ও ট্রেনে করে ঢাকা যাচ্ছেন। লাগাতার আন্দোলনের প্রস্তুতি নিয়েই তাঁরা ঢাকাতে যাচ্ছেন বলে দলের একজন শীর্ষ নেতা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের অতীত অভিজ্ঞতা খুব খারাপ। পুলিশ পথে পথে নেতা–কর্মীদের হয়রানি করে। এ জন্য আমরা ভিন্ন কৌশল নিচ্ছি। বাস ও ট্রাক ভাড়া করে দল বেঁধে আমরা যাচ্ছি না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ট্রেনে করে নেতা–কর্মীরা নিজ দায়িত্বে ঢাকাতে পৌঁছে গেছেন। ঢাকার মহাসমাবেশে যশোর থেকে অন্তত তিন হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন।’

সমাবেশে যোগ দেওয়ার সময় তিনজনকে পুলিশ তুলে নিয়ে গেছে দাবি করে সৈয়দ সাবেরুল হক বলেন, গতকাল যশোরের অভয়নগর উপজেলা থেকে ঢাকা যাওয়ার পথে পদ্মা সেতুসংলগ্ন এলাকা থেকে বাসে তল্লাসি চালিয়ে যুবদল ও ছাত্রদলের তিনজনকে নামিয়ে নিয়ে গেছে পুলিশ। তাঁরা কোন থানায় রয়েছেন, তা এখনো জানা যায়নি।

মহাসমাবেশে যাওয়ার সময় সড়কপথে পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন ঝামেলা করতে পারেন। তাই গোপনেই নেতা-কর্মীরা ঢাকার দিকে যাচ্ছেন।

এদিকে যশোর থেকে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতা–কর্মীদের প্রতি কোনো নির্দেশনা নেই দাবি করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যশোর জেলা থেকে নেতা–কর্মীদের যোগ দেওয়ার বিষয়ে কেন্দ্রের কোনো নির্দেশনা নেই। আমাদেরও ঢাকাতে যাওয়ার কোনো প্রস্তুতি নেই।’

এ বিষয়ে জানতে চাইলে গতকাল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, ‘নেতা–কর্মীদের
সেন্টিমেন্ট ও জনগণের চোখের ভাষা লাগাতার আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের চূড়ান্ত গন্তব্যে না পৌঁছানো
পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। পেছনে ফেরার কোনো পথ নেই। ২৭ জুলাই সমাবেশ লাগাতার আন্দোলনের ধারাবাহিক রূপ।’