যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে তেঁতুলিয়া–টেকনাফ রোডমার্চ শুরু হানিফ বাংলাদেশির

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি চলমান সংসদে বাতিলের দাবিতে রোডমার্চ শুরু করেছেন হানিফ বাংলাদেশি। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে তিনি এই কর্মসূচি পালন করেনছবি : প্রথম আলো

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি চলমান সংসদে বাতিলের দাবিতে রোডমার্চ শুরু করেছেন মোহাম্মদ হানিফ ওরফে ‘হানিফ বাংলাদেশি’। আজ শনিবার সকালে দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলা শহরের তেঁতুলগাছ তলা থেকে তিনি এই রোডমার্চ শুরু করেন। পরে দুপুরে পঞ্চগড় জেলা শহরের প্রধান প্রধান সড়কেও এই কর্মসূচি পালন করেন। এরপর বিভিন্ন জেলায় (প্রতিদিন তিনটি জেলায়) এই কর্মসূচি পালন করে ১৮ জুন কক্সবাজার জেলার টেকনাফে এই রোডমার্চ শেষ হবে জানিয়েছেন হানিফ।

বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশির সঙ্গে এই কর্মসূচিতে তাঁর দলের সাকিব আল হাসান, মুকুল হোসেন ও মো. রিফাত নামের আরও তিনজন সদস্য অংশ নিচ্ছেন।

আমাদের দেশের বিশেষজ্ঞরা বলছেন, এটা দেশের স্বার্থবিরোধী গোলামি চুক্তি। চলমান সংসদে জাতির সামনে এই চুক্তি উপস্থাপন করতে হবে এবং বাতিল করতে হবে। দেশবিরোধী এই চুক্তির দায়ে মুহাম্মদ ইউনূসসহ তাঁর সরকারের উপদেষ্টাদের গ্রেপ্তার করতে হবে। তাঁরা কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেদিকে লক্ষ রাখতে হবে।
হানিফ বাংলাদেশি

নোয়াখালীর জাহানাবাদ গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ হানিফ পরিচিত হানিফ বাংলাদেশি নামেই। ১৯৯৯ সালে নোয়াখালীর ভুলুয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। পরে লেখাপড়া ছেড়ে দিয়ে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে কমিশন এজেন্টের কাজ নেন।

২০১৯ সালের মার্চে হানিফ ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় একক পদযাত্রা করেন। একই বছর নির্বাচন কমিশন কার্যালয়ে পচা আপেল দিয়ে প্রতিবাদ জানান। এরপর তিনি সীমান্ত হত্যার প্রতিবাদে কাঁধে প্রতীকী লাশ নিয়ে পদযাত্রা, দুর্নীতির বিরুদ্ধে ৬৪ জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি ও জেলায় জেলায় লাল কার্ড প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। বর্তমানে হানিফ বাংলাদেশি ঢাকায় বসবাস করেন এবং রাজনীতির পাশাপাশি একটি ব্যবসা করেন।

হানিফ বাংলাদেশির ভাষ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এবং রাষ্ট্রপতি হওয়ার খায়েশ থেকে বাংলাদেশের জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড নামে বাণিজ্যচুক্তি করেছেন। ক্ষমতা ছাড়ার মাত্র তিন দিন আগে অধ্যাপক ইউনূস এই চুক্তি করেছেন। তিনি বলেন, ‘আমাদের দেশের বিশেষজ্ঞরা বলছেন, এটা দেশের স্বার্থবিরোধী গোলামি চুক্তি। চলমান সংসদে জাতির সামনে এই চুক্তি উপস্থাপন করতে হবে এবং বাতিল করতে হবে। দেশবিরোধী এই চুক্তির দায়ে মুহাম্মদ ইউনূসসহ তাঁর সরকারের উপদেষ্টাদের গ্রেপ্তার করতে হবে। তাঁরা কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেদিকে লক্ষ রাখতে হবে।’

আরও পড়ুন

হানিফ বাংলাদেশির মতে, অধ্যাপক ইউনূসের দুর্নীতির কারণে হামের টিকা ক্রয় করা হয়নি। হামের টিকার টাকা তাঁরা আত্মসাৎ করায় দেশে হামে ৬৫০ জন শিশু মারা গেছে। ইউনূস সরকারের সময় দেশে মব সৃষ্টি করে মানুষ হত্যা, বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানো, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটেছে। এসবের দায়ে ইউনূসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।