ফেনী সীমান্ত থেকে ধরে নেওয়ার সাত ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্তে কৃষক নুরুল ইসলামকে (মাঝে) স্বজনদের কাছে ফিরিয়ে দেয় বিজিবিছবি: বিজিবির সৌজন্যে

ফেনী সীমান্ত থেকে ধরে নেওয়ার সাত ঘণ্টা পর বাংলাদেশি এক কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাংগা গ্রামের সীমান্তে তাঁকে হস্তান্তর করা হয়। এর আগে সকালে একই সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায় বিএসএফ।

বিএসএফের ফেরত দেওয়া কৃষকের নাম নুরুল ইসলাম (৬০)। তিনি পরশুরাম উপজেলার উত্তর কেতরাংগা গ্রামের সুলতান আহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাংগা গ্রাম সংলগ্ন সীমান্ত থেকে কৃষক নুরুল ইসলামকে আটক করে নিয়ে যায় বিএসএফের টহল দল। পরবর্তী সময়ে বিষয়টি জানার পর আটক বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে দিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়।

স্থানীয় বাসিন্দা রবিউল হক জানান, নুরুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি গ্রাম থেকে সবজি কিনে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাঁর এক ছেলে ও তিন কন্যাসন্তান রয়েছে।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পতাকা বৈঠকের পর বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিককে বিকেল সাড়ে পাঁচটার সময় বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে নুরুল ইসলামকে তাঁর ছেলে মো. নুর আলমের কাছে ফিরিয়ে দেয় বিজিবি।