হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসছিল একটি মৃত ডলফিন। নৌ পুলিশ সেটি উদ্ধার করে নদী পাড়ে এনে রেখেছে। ডলফিনটির সুরতহাল ও ময়নাতদন্ত করবে মৎস্য অধিদপ্তর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার হালদা রিভার রিসার্স সেন্টার।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাট এলাকায় নদীতে জোয়ারের সময় ভাসমান অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়।
গত ১১ মাসের ব্যবধানে এ নিয়ে পাঁচটি মৃত ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্স সেন্টার।
হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহাম্মদ রমজান আলী প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। এটির শরীরে পচন ধরেছে। শরীরের চামড়া ফুলে উঠেছে। তবে সুরতহাল ও ময়নাতদন্তের পর এটির মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডলফিনটির ওজন ২৫ থেকে ২৮ কেজি। দৈর্ঘ্য প্রায় সাড়ে চার ফুট। এর আগে সর্বশেষ গত বছরের ১৬ ডিসেম্বরে নদীর হাটহজারীর বাড়িঘাণা অংশে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। গত বছরের ফেব্রুয়ারি থেকে গত ১১ মাসে মোট পাঁচটি মৃত ডলফিন উদ্ধার হয় নদী থেকে। এ ছাড়া গত সাড়ে ছয় বছরে হালদা থেকে ৫০টি মৃত ডলফিন উদ্ধার হলো। দু-একটি ছাড়া প্রায় সব ডলফিনেরই শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করেছিল উদ্ধারকারী দল। একাধিক ডলফিনকে হত্যা করা হয় বলে অভিযোগ।
হালদা নদী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) হালদার ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে এই প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। গত সাড়ে ছয় বছরে হালদায় ৫০টি ডলফিন মারা গেছে।
হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘নৌ পুলিশ এটি উদ্ধার করে। পরে আমরা গিয়ে সুরতহাল করি। পরে ময়নাতদন্ত করে এটির মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।’